লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে ২০০ বোতল মাদকদ্রব্য এস্কাফ (ESkuf) জব্দ করেছে র্যাব-১৩। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামে অভিযান চালায় র্যাব-১৩, রংপুর সিপিএসসির একটি দল। অভিযানকালে মো. শফিকুল ইসলামের বাড়ির সামনে একটি বেগুন ক্ষেতের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২০০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি উপজেলার দীঘলটারী গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।