শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের কর্মসূচি


প্রকাশ :

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৬’ উদ্‌যাপনের লক্ষ্যে জেলাপ্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। একুশের প্রথম প্রহরে অর্থাৎ ২০শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা ১ মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলিত হবে। একই সময়ে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত প্রভাতফেরি অনুষ্ঠিত হবে।

সকাল ১০ টায় লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলে শিশুদের নিয়ে চিত্রাংকন, ছড়া পাঠ ও কবিতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এরপর সকাল ১১ টায় লালমনিরহাট জেলা সরকারি গ্রন্থাগারে ২০২৪-এর গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কন ও প্রদর্শন, শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লালমনিরহাট জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে সকাল ১১:৩০ মিনিটে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতির উদ্দেশে আলোচনাসভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।

সুবিধাজনক সময়ে সকল মসজিদে বাদ যোহর এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনার ও মিশন মোড় চত্বর এলাকা বর্ণিল ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষ্যে শিশুদের জন্য লালমনিরহাট শিশুপার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।