দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা ও শ্রমজীবীদের কর্মসংস্থান বিবেচনায় ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান বন্ধ রাখার দাবি জানিয়েছে রংপুর ইট প্রস্তুতকারক মালিক সমিতি।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রংপুর পর্যটন মোটেলে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতৃবৃন্দ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টার নির্দেশে পরিবেশ দূষণের কারণ দেখিয়ে সারাদেশে ইটভাটাগুলো ভেঙে ফেলা হচ্ছে। এতে কর্মরত শ্রমিকদের জীবন–জীবিকায় প্রভাব পড়েছে, পাশাপাশি ভাটা মালিকরা সর্বশান্ত হচ্ছেন।
এছাড়া যে পরিবেশ দূষণের দোহাই দেওয়া হচ্ছে তা যৌক্তিক নয়। বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুতের লাইন স্থাপনের আগেই সংশ্লিষ্ট স্থানে ইটভাটা গড়ে উঠেছে। কিন্তু পরবর্তীতে লোকালয়ে ভাটা থাকার দায়ে উল্টো ইটভাটা বন্ধ করে দেওয়া হচ্ছে।
ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার চালুর উদ্যোগ নিলেও তা সর্বক্ষেত্রে ব্যবহার উপযোগী নয়। তাই ইটভাটা বন্ধ হলে উন্নয়ন কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি হবে। সভায় দেশের উন্নয়ন ও ভাটা শিল্প টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করা হয়।
রংপুর জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন।
বক্তব্য রাখেন রংপুর জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ হিল কাফি, সদস্য শফিকুল ইসলাম মিঠু, সাবেক জেলা সভাপতি আবু নাসের মো. শাহ মাহবুবার রহমান, রংপুর চেম্বারের পরিচালক মামুনুর রশীদ মামুন, বদরগঞ্জ উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ অন্যরা।
এ সময় দেশের পরিস্থিতি বিবেচনায় সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়।