লালমনিরহাটের পাটগ্রামের জোংড়া ইউনিয়নের জামায়াতপন্থি শ্রমিক সংগঠনের সহসভাপতির নের্তৃত্বে ৪০ জন সদস্য বিএনপিতে যোগদান করেছেন- এ তথ্য মিথ্যা ও রাজনৈতিক অপপ্রচার উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় জামায়াতের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন।
পৌরসভার রেলওয়ে স্টেশন রোডের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা শাখার সভাপতি সোহরাব আলী দাবি করেন- জোংড়া ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে আবুল হোসেনকে সহসভাপতি উল্লেখ করে তাঁর সাথে ৪০ জন ব্যক্তি বিএনপিতে যোগ দেওয়ার তথ্য ছড়ানো হয়েছে। সেটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। ওই আবুল হোসেন কখনো জামায়াতপন্থি শ্রমিক সংগঠনের কর্মী ছিলেন না। তিনি জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সদস্য। তাঁর ভুয়া পরিচয় ব্যবহার করে অন্য রাজনৈতিক দলে যোগদান করা অসৎ ও অনৈতিক আচরণ এবং রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা। সত্য-মিথ্যা যাচাই না করে এ ধরণের মিথ্যা তথ্য না ছড়াতে আহŸান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ সেক্রেটারি ইউনুস আলী, উপজেলা সেক্রেটারি মাইন উদ্দিন, পাটগ্রাম পৌর সভাপতি হেদায়েতুল ইসলাম বাবুল, জোংড়া ইউনিয়ন শাখার সেক্রেটারি আবু তালেব ইসলাম প্রমুখ।