লালমনিরহাটের কালিগঞ্জে র্যাব-১৩ এর অভিযানে ফেন্সিডিলজাতীয় মাদক CHOCO+ জব্দ হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে একজন মাদক ব্যবসায়ীকে। র্যাব জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
র্যাব-১৩ এর সদর কোম্পানির একটি দল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশহাজারী এলাকায় অভিযান চালায়। অভিযানে শরিফুল আলম (৪০)—এর বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচে লুকানো প্লাস্টিকের বস্তা থেকে ১৯৯ বোতল CHOCO+ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
র্যাব জানায়, শরিফুল আলম দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সংগ্রহ ও সরবরাহ করে আসছিলেন। মাদক পরিবহনে তিনি বিভিন্নভাবে কৌশল পরিবর্তন করতেন, যাতে নজরদারি এড়িয়ে যেতে পারেন।
গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান চলবে।