লালমনিরহাট সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদারে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের অধীনে নতুন চতুরবাড়ী বিওপির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর আওতায় প্রতিষ্ঠিত এই নতুন বিওপি উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
বিজিবি জানায়, তিস্তা ব্যাটালিয়ন প্রায় ২০০ কিলোমিটার সীমান্তের দায়িত্ব পালন করে। ধবলগুড়ি ও খারিজাজোংড়া বিওপির মাঝে দীর্ঘ দূরত্ব থাকায় ওই অঞ্চলে অপারেশনাল গ্যাপ তৈরি হচ্ছিল। সেই গ্যাপ দূর করে সীমান্ত নিরাপত্তা আরও কার্যকর করতে চতুরবাড়ী এলাকায় নতুন বিওপি স্থাপন করা হয়েছে। এতে চোরাচালান, মাদক পাচার, নারী-শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আরও সক্ষম হবে বিজিবি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল নাছের বলেন, বিজিবি আস্থা ও নিরাপত্তার মূলমন্ত্র নিয়ে প্রতিকূল পরিস্থিতিতেও দেশের সীমানা রক্ষায় দিনরাত কাজ করছে। নতুন এই বিওপি সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করবে।
গুজব প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, ভুল তথ্য বা গুজব দেখলে দ্রুত বিজিবিকে জানান। স্থানীয় জনগণ, সাংবাদিক ও সুশীল সমাজের সহায়তা সীমান্ত নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান এবং ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। এছাড়া বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।