রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে স্ত্রী নির্যাতন মামলায় স্কুলশিক্ষক কারাগারে


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রী দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় কাকিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বয়স ৪৯ বছর। বাড়ি উপজেলার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় এলাকায়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কাকিনা ওয়াব্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে আটক করে থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে লালমনিরহাটের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদী তার স্ত্রী লাভলী বেগম, একই এলাকার মৃত আফছার উদ্দিনের মেয়ে। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে—সানজিদা আক্তার সুইটি (১৬) ও মাহিদ ইসলাম (১৩)।

মামলার নথিতে বলা হয়েছে, চলতি বছর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১ (গ) ধারায় মামলা করা হয়। অভিযোগে উল্লেখ আছে, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী যৌতুকের দাবিতে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন।

লাভলী বেগম বলেন, বহু বছর ধরে নির্যাতন সহ্য করার পর বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, আদালতের নির্দেশে মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম রুজি বলেন, বিষয়টি ব্যক্তিগত মামলা হলেও বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরিচালনা পরিষদের সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।