লক্ষ্মীপুর পৌরসভার ইটেরপোল এলাকায় গ্যারেজে মেরামতের জন্য রাখা একটি যাত্রীবাহী বাসে ভোররাতে আগুন লেগেছে। স্থানীয়রা বিষয়টি টের পাওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার ভোর চারটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে বিকেল নাগাদ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গ্যারেজ মালিক দিদারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
বাসটির মালিক মোস্তাফিজুর রহমান স্বপন বলেন, কয়েক দিন ধরে গ্যারেজেই মেরামতের কাজ চলছিল। হঠাৎ আগুনে প্রায় পুরো বাসই পুড়ে অচল হয়ে গেছে। তার দাবি—যন্ত্রাংশসহ প্রায় পুরো মালামালই নষ্ট হয়ে গেছে, যা তার পরিবারকে বড় সংকটে ফেলেছে।
তিনি জানান, এই বাসটিই ছিল তার আয়ের একমাত্র উৎস। স্বপনের কথায়, এক মুহূর্তেই সবকিছু ভস্মীভূত হয়ে গেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবিও করেছেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আগুন লাগার পেছনে নাশকতা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে পুলিশ লাইনসে নেয়া হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত অব্যাহত থাকবে।