রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড


প্রকাশ :

বগুড়ার গাবতলীতে তোজাম্মেল হক মোল্লা (৪৫) হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—গাবতলীর নিজ দূর্গাহাটা গ্রামের গুটু প্রামানিকের ছেলে আবুল কালাম আজাদ ওরফে বাবুল প্রামানিক (২৮), কামরুজ্জামানের ছেলে মনিরুজ্জামান মিশু (২৭) এবং আবদুল মালেকের ছেলে মো. মানিক (২৮)। তাদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—বৈঠাভাঙ্গা গ্রামের মৃত মগলা প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮), মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে মাজেদুর রহমান পিন্টু এবং বিশু আকন্দের ছেলে আশিক হাসান আশিক। তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাজেদুর রহমান পিন্টু ও আশিক হাসান আশিককে অন্য ধারায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড।

চার্জশিটভুক্ত আসামি দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাফায়াত হোসেন পাপ্পু ও তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্লাবন ওরফে মুন্না ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মামলা শিশু আদালতে বিচারাধীন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবদুল মান্নান সাকিদারের ছেলে শান্ত সাকিদার (২৯) বেকসুর খালাস পেয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর বিকালে তোজাম্মেল হক মোল্লা তার ছোট ভাই নয়ন মোল্লা ও ভাতিজা আসাদকে সঙ্গে নিয়ে একটি বিয়ের দাওয়াতে যান। ফেরার পথে বৈঠাভাঙ্গা চারমাথা এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।

পরদিন নিহতের ভাই মোমিন মোল্লা ১৪ জনের বিরুদ্ধে গাবতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২২ সালের ২১ ডিসেম্বর গাবতলী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে সিআইডির পরিদর্শক ছকির উদ্দিন সম্পূরক চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও বিচার শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবদুল বাছেদ বলেন, “আমরা এ রায়ে সন্তুষ্ট।” তবে যাবজ্জীবনপ্রাপ্ত একজন ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। অন্যদিকে আসামিপক্ষ জানিয়েছে, তারা উচ্চ আদালতে আপিল করবেন। মামলার বাদী পক্ষ দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।