রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল দিয়ে আগুন


প্রকাশ :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আঁধারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের ফ্যান, সেলফসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, এটি পরিকল্পিত নাশকতা হতে পারে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১২ নভেম্বর) ভোররাত আনুমানিক ২টার দিকে উপজেলার আমতলী বাজারের চান্দুরা গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হঠাৎ আগুন লাগে। অফিসে কর্মরত চারজন কর্মচারী ধোঁয়া দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো. কলিম উদ্দিন বলেন, “ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, নাশকতার গন্ধ পাওয়া যাচ্ছে। জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা পেট্রোল ও কাঠের টুকরোতে কাপড় পেঁচিয়ে ভেতরে আগুন দেয়। এতে অফিসের তিনটি ফ্যান, একটি সেলফ ও বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।”

তিনি আরও জানান, রাত ২টা ৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ঘটনাস্থল থেকে পেট্রোলের পুড়ে যাওয়া দুটি বোতলের মুখ ও কাপড় জড়ানো কাঠের টুকরো উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। সেখানে ফুয়েলের চিহ্নসহ কিছু পোড়া বস্তু পাওয়া গেছে। দারোয়ানসহ কয়েকজন স্টাফ উপস্থিত থাকলেও কেউ কাউকে শনাক্ত করতে পারেনি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”