সুন্দরবনে নৌকাডুবির তিন দিন পর নিখোঁজ পর্যটক রিয়ানা আবজাল (২৮)-এর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (১০ নভেম্বর) সকাল মংলা সাইলো জেটি এলাকা থেকে তার দেহ উদ্ধার করা হয়।
রিয়ানা ঢাকার উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তার পৈতৃক বাড়ি বরিশালে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন।
রিয়ানার বাবা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, পরিবারসহ সুন্দরবনে ভ্রমণে বের হওয়ার সময় একটি বড় জাহাজের ঢেউয়ের কারণে তাদের ছোট নৌকাটি উল্টে যায়। ১৩ জন নদীতে পড়ে যান, যার মধ্যে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়ানা নিখোঁজ হন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, ৮ নভেম্বর ১৪ জন পর্যটকের একটি দল সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম সেন্টারে ছোট কাঠের নৌকায় যাত্রা শুরু করেন। দুপুরে পশুর নদীর ঢাংমারি খাল এলাকায় প্রবল ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়।
খবর পেয়ে কোস্টগার্ডের মংলা ঘাঁটি ও হারবাড়িয়া স্টেশন থেকে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান চালায়। তিন দিনের অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টার দিকে মংলা সাইলো জেটি এলাকা থেকে রিয়ানার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।