লালমনিরহাটের হাতীবান্ধায় এক ব্যবসায়ীর ব্যাংক একাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ১৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করার ঘটনায় ফরিদপুর থেকে দুই প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা গেছে, মো. জাবেদ আলী (পিতা মৃত সোনা উল্লাহ), ১ নম্বর ওয়ার্ডের শাখাতি গ্রামের বাসিন্দা, কালিগঞ্জ থানার চামটা হাটে ‘সততা ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি চলতি বছরের ৭ সেপ্টেম্বর দুপুরে পূর্ব সিন্দুর্গা ইউসিবি ব্যাংকের লোন একাউন্ট থেকে নিজের একাউন্টে ৩০ লাখ টাকা ট্রান্সফার করেন।
কিন্তু তার অজ্ঞাতসারে কয়েক মিনিটের মধ্যে ৫টি আলাদা ট্রানজেকশনের মাধ্যমে মোট ১৭ লাখ ৫৪ হাজার টাকা সিটি ব্যাংকের বিভিন্ন একাউন্টে স্থানান্তর হয়ে যায়। পরে তিনি বিষয়টি বুঝতে পেরে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন (মামলা নং–১৯, তারিখ–১২/০৯/২০২৫, ধারা–৪০৬/৪২০ দণ্ডবিধি)।
মামলার তদন্তে জেলা গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। পরবর্তীতে একটি বিশেষ অভিযানে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রাম থেকে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. জোনায়েদ (৪১), পিতা হাছেন ফরাজি, মাতা উজালা খাতুন এবং দুখাই মাতাব্বর (৪৭), পিতা শাহ মাতাব্বর, মাতা বেলুনি বেগম।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুজনই আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংক একাউন্ট হ্যাক ও প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। জিজ্ঞাসাবাদে তারা হাতীবান্ধার এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।