আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা ৪৪বছর ধরে দখলে থাকা জমিতে জোরপূর্বক ঘর তোলে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামে।
জানাগেছে, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মদাতী গ্রামের উত্তর মুশরত মদাতী মৌজার জেএলনং ০১, খতিয়ান নং সাঃ ৬৭১/১, হাঃ ৭৮৩, দাগ নং ২৯৫৭ এর ১একর ৬৪ শতাংশ জমির মধ্যে ভোগদখলীয় সাড়ে ১৯ শতাংশ জমি যার দলিল নং ৬৭৪২' তারিখ ১৬/১০/১৯৮১ইং। ওই জমি ক্রয়সূত্রে মালিক হয়ে গত ৪৪বছর ধরে ভোগ দখল করে আসছেন ওই এলাকার সামছুল হক বসুনিয়া (৬৮)। এদিকে ওই জমি নিজেদের বলে দীর্ঘদিন ধরে দাবী করে আসছে একই এলাকার মৃত এমদাদুল হকের ছেলে হারুন অর রশিদ (৪৪) ও তার স্ত্রী মারুফা বেগম (৩৫)। একপর্যায়ে জমি নিয়ে বিবাদের মামলা গড়ায় আদালত পর্যন্ত। পরবর্তীতে আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া ওই জমির রেকর্ড কর্তন মামলাও চলমান রয়েছে।
এদিকে আদালতের ওই নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৯ অক্টোবর দিনে দুপুরে হারুন ও মারুফা দম্পতি দলে বলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ৪৪বছর ভোগ দখলীয় জমি নিজের দখলে নিয়ে তড়িঘড়ি করে ঘর তোলেন। এছাড়া জমিত থাকা গাছের ডালপালা ও বাঁশঝাড় কেটে ফেলে। এসময় দলিলমূলে জমির মালিক বৃদ্ধ সামছুল হক বসুনিয়াসহ পরিবাবের লোকজন এসে বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদের মার ডাং করার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তারা জিবন বাঁচাতে ওই স্থান থেকে চলে আসে।
এ ঘটনায় সামছুল হক বসুনিয়ার ছেলে আব্দুস সামাদ বসুনিয়া বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত হারুন অর রশিদ জানান, ওই জমির পৈত্রিক সুত্রে মালিক আমার ফুফু। তাই আমি জমি দখলে নিয়েছি। তবে ' এই জমি দখলে নিলে আপনার ফুফুর ওয়ারিশগণ নেবেন - আপনি কেন? ' এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেন নি তিনি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার এস আই সুকুমার রায় বলেন, ওই ঘটনায় দায়ের করা লিখিত অভিযোগের তদন্ত চলছে। শীঘ্রই ঘটনা স্থানে গিয়ে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।