রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

১৫ দিনের মধ্যে গণমাধ্যমকে ফ্যাসিবাদের দালাল মুক্ত করার দাবি


প্রকাশ :

ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি। গণমাধ্যমে শেখ হাসিনা সরকারের চিহ্নিত দালালদের মাধ্যমে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। যেসব সাংবাদিক ফ্যাসিবাদের পক্ষে দালালি করেছে তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। ১৫ দিনের মধ্যে গণমাধ্যমকে ফ্যাসিবাদের দালাল মুক্ত করতে হবে। মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গনে এক সমাবেশে সাংবাদিক নেতারা এ হুঁশিয়ারি দেন।   

গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী কালাকানুন বাতিল, সাংবাদিক সুরক্ষাআইন প্রণয়ন এবং ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যমের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, যেসব সাংবাদিক ফ্যাসিবাদের পক্ষে দালালি করেছে তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। দেশ ও জনগণের বিরুদ্ধে গিয়ে যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে তারা সাংবাদিক হতে পারে না। আন্দোলনে গুলি চালাতে যারা টকশোতে বক্তব্য দিয়েছেন, আন্দোলনকারীদের উপহাস করেছেন তারা সাংবাদিক নন। তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, বার বার আহ্বান জানানোর পরও দক্ষিণ এশিয়ার সবচেয়ে কুখ্যাত সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়নি। সে সুযোগে তারা বিভিন্ন জায়গায় অশান্তি তৈরির ষড়যন্ত্র করছে। আমি বলব এটি এই সরকারের ব্যর্থতা।

সভাপতির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, আজও ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন গণমাধ্যমে কাজ করছে। ফ্যাসিবাদের আমলে ৬৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, এসব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ১৫ দিনের মধ্যে গণমাধ্যমকে ফ্যাসিবাদের দালাল মুক্ত করতে হবে। নাহলে ফ্যাসিবাদবিরোধী সাংবাদিকদের নিয়ে আমরা আন্দোলনে নামব।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, ফ্যাসিবাদের বিরোধিতা করায় দালাল সাংবাদিকরা আমাদের জাতীয় প্রেসক্লাব থেকে বের করে দিয়েছিল। সংবাদমাধ্যমগুলোর মালিকদের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে ফ্যাসিস্ট সরকারের দালাল সাংবাদিকদের অপসারণ করুন, নতুবা আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সাধারণ সম্পাদক খুররশীদ আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ প্রমুখ।