লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হিন্দু পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনে উকিলেশ্বর নামে ওই পরিবারের বসতবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ গরু-ছাগলও পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অসহায় পরিবারটি যখন মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছিল, ঠিক তখনই শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেন উপজেলার রূহানীনগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মো. আব্দুর রহমান কারীমী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বস্তা চাল, সয়াবিন তেল, মসুর ডাল, গোসলের সাবান, কাপড় কাচার সাবান, হুইল পাউডার, পেঁয়াজ, রসুন, গুঁড়া হলুদ, লবণ, গুঁড়া মরিচ, ডিম ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে আব্দুর রহমান কারীমী বলেন, মানুষের বিপদের সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নবী করিম (সা.)-এর শিক্ষা। তিনি স্থানীয় প্রশাসন ও বিত্তবানদেরও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আদিতমারী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর নিতাই চন্দ্র জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় এলাকাজুড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়াতে পারেনি।