বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন পারুলিয়া তফশিলি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম।
আগামী ৫ অক্টোবর ২০২৫ বিশ্ব শিক্ষক দিবস। প্রতি বছর এ দিনটি শিক্ষক সমাজকে যথাযথ সম্মান প্রদর্শনের এক অনন্য সুযোগ তৈরি করে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যেই উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে 'গুণী শিক্ষক নির্বাচন' কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী অসংখ্য নিবেদিতপ্রাণ শিক্ষক তাদের দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পারুলিয়া তফশিলি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম (জেলা মাস্টার ট্রেইনার, ইংরেজি ও আইসিটি) জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শহিদুল ইসলাম শিক্ষাক্ষেত্রে দুই যুগেরও বেশি সময় ধরে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ২৪ বছরের শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষণপদ্ধতি চালু করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। শ্রেণিকক্ষকে তিনি শুধু পাঠদানের জায়গা নয়, বরং চরিত্র গঠনের ক্ষেত্রেও রূপান্তরিত করেছেন। এজন্যই তিনি শিক্ষার্থীদের কাছে শ্রদ্ধেয় অভিভাবকের মতো প্রিয় হয়ে উঠেছেন।
শিক্ষাদানের ক্ষেত্রে তার রয়েছে অনন্য দক্ষতা। ক্লাস পারফরম্যান্স, ক্লাস ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের নিকট বিশেষ গ্রহণযোগ্যতার কারণে তিনি বারবার প্রশংসিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি একাধিকবার উপজেলা ও জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তার অর্জন শুধুমাত্র শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়। তিনি ইংরেজি ও আইসিটি বিষয়ে জেলা মাস্টার টেইনার হিসেবে কর্মরত এবং দিনাজপুর শিক্ষা বোডের পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয় দৈনিক পত্রিকায় শিক্ষা বিষয়ক নিয়মিত লেখা প্রকাশ করে তিনি নিজেকে একজন চিন্তাশীল লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে দৈনিক ইত্তেফাক-এর অনুশীলন পাতায় নিয়মিত লেখক হিসেবে তিনি শিক্ষা ও সমাজ উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরছেন। এইসব লেখায় তিনি শুধু সমস্যার দিক নয়, সমাধানের পথও প্রস্তাব করছেন, যা শিক্ষাঙ্গনের উন্নয়নে অমূল্য অবদান রাখছে।