লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুত আলী (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরুত আলী ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুরুত আলী প্রতিদিনের মতো নিজ ঘরে অটোরিকশা চার্জ দিচ্ছিলেন। বিদ্যুতের সুইচ বন্ধ না করে চার্জার থেকে অটো খুলতে গিয়ে ঘরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।