কালিগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিতেন্দ্রনাথ সিংহ নবম শ্রেণির ছাত্রীদের পাঠদান শেষে ক্লাসরুম থেকে বের হন। বাইরে এসে তিনি দেখতে পান, নির্ধারিত স্থানে রাখা তার ব্যবহৃত মোটরসাইকেলটি নেই।
ঘটনার পরপরই শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশে খোঁজাখুঁজি করলেও মোটরসাইকেলটির সন্ধান মেলেনি। পরে ওই দিনই তিনি কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
চুরি হওয়া মোটরসাইকেলটির বিবরণ: বাজাজ ডিসকভার ১০০ সিসি, রং কালো-নীল, ইঞ্জিন নম্বর—JBMBUB 88135, চেসিস নম্বর—MD2DSPAZZUWB90772, রেজিস্ট্রেশন নম্বর—লালমনিরহাট-হ-১১-৫৮৬২।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিতেন্দ্রনাথ সিংহ বলেন, “আমি ১৯৯২ সালে এ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করি। এত দীর্ঘ সময়ে কখনো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইনি। কিন্তু দিনে-দুপুরে স্কুল প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি হয়ে যাওয়া আমাকে স্তম্ভিত করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি।”