লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে গোসল করতে নেমে রাসেল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
রাসেল এবারে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার আলীমুদ্দিন সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তাঁর বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক। বাড়ী পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শফিরহাট হোসনাবাদ এলাকায়।
স্থানীয় সূত্র ও পাটগ্রাম থানা-পুলিশ জানায়, বাড়ির পাশে শফিরহাট হোসনাবাদ ঈদগাঁ মাঠ মাদ্রাসার পাশে রয়েছে একটি পুকুর। পুকুরটি থেকে গত প্রায় ৩ বছর আগে খননযন্ত্র দিয়ে খুঁড়ে পাশের জমিতে বালু তুলে ভরাট করা হয়। এতে অতল গভীর হয় পুকুরটি। ঘটনার দিন বেলা সাড়ে টার দিকে কয়েকজন কিশোরসহ পুকুরে গোসল করতে নামে রাসেল। এ সময় সাঁতার না জানায় হঠাৎ করেই সে তলিয়ে যায়। কিশোরদের চিৎকারে স্থানীয়রা জানতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়। স্থানীয়রাসহ দমকল বাহিনীর সদস্যরা ওই পুকরে নেমে প্রায় ৩ ঘন্টা ধরে বিভিন্ন উপায়ে তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে মৃত অবস্থায় রাসেলকে পাওয়া যায়। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমেছে শোকের ছায়া।
বাউরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান মানিক বলেন, ‘কয়েকবছর আগে পুকুরটি থেকে বালু তোলায় গভীর গর্ত হয়েছে। তাছাড়া ছেলেটি (রাসেল) সাঁতার জানতো না। এ কারণে পুকুরের পানিতে ডুবে মারা যায় সে।’
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যুর খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।’