লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় র্যাব-১৩ এর অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল ও ১০০ বোতল ইস্কাফসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর ব্যাটালিয়নের একটি দল কালিগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে এ অভিযান চালায়। চন্দ্রপুর এলাকার মো. বাদশা আলমের বাড়ির সামনের মাটির রাস্তা থেকে মোটরসাইকেল তল্লাশি করে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের মোঙ্গাগাছ গ্রামের মৃত সাজম আলীর পুত্র মো. হোসেন আলী। অপর জন হলো একই এলাকার পাইকেরটারী গ্রামের শ্রী মাদব রায় এর ছেলে শ্রী পুষ্প রায়।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে তারা। এরই অংশ হিসেবে এ অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইস্কাফ ও মোটরসাইকেলসহ আসামিদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে তাদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে।