লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে মেহেদি হাসান মুহিদ (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে মুহিদ তার তিন বন্ধুর সঙ্গে তিস্তা নদীর বিনবিনিয়া ঘাট এলাকায় গোসল করতে যান।
হঠাৎ নদীর গভীর পানিতে পড়ে গেলে মুহিদের বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও মুহিদ পানির স্রোতে তলিয়ে যান। মেহেদি হাসান মুহিদ উপজেলার কাশীরাম গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের কেল্লার পার এলাকায় তিস্তা নদীতে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, মুহিদ সম্প্রতি চীনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্স সম্পন্ন করে দেশে ফিরেছেন। কিছুদিন আগে তিনি বাড়িতে ফেরেন। মুহিদ তার তিন বন্ধুর সঙ্গে তিস্তা নদীর বিনবিনিয়া ঘাট এলাকায় গোসল করতে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়। তবে মুহিদকে খুঁজে পায়নি।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর আমরা সম্ভাব্য এলাকাগুলোতে খোঁজাখুঁজি করেছি। কিন্তু মুহিদের কোনো সন্ধান মেলেনি। রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেয়ার পর তারাও উদ্ধার অভিযান চালানোর পর ব্যার্থ হয়।