আগামী ১০ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে লালমনিরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিড ক্যারিয়ার কনফারেন্স ও জব ফেয়ার ২০২৫। লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রামের স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, নার্সিং শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীদের জন্য কার্যকর ক্যারিয়ার সুযোগ তৈরি করার লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এই কনফারেন্স আয়োজন করছে ফাউন্ডেশন ফর ইয়ুথ ডেভেলপমেন্ট (ফিল্ড)। ফিল্ড একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা ১২ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের সুযোগ তৈরি করে তরুণ প্রজন্মকে সক্ষম করে তুলতে কাজ করে।
ফিল্ডের প্রেসিডেন্ট নাসরীন নাহার জেনেভা বলেন, “আমরা এমন সুদক্ষ যুবসমাজ গড়ে তুলতে চাই যারা ব্যবসায়িক উদ্যোগ ও উদ্ভাবনে নেতৃত্ব দিবে, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবে এবং পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি তারা দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে এবং আনন্দের সঙ্গে পালন করবে।”
কনফারেন্সের মূল আকর্ষণ জব ফেয়ার, যেখানে অংশগ্রহণকারীরা দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে। এখানে শুধুমাত্র চাকরির আবেদন নয়, বরং তাৎক্ষণিক নিয়োগ ও ইন্টার্নশিপের সুযোগও থাকবে। অংশগ্রহণকারীরা বিশ্ব বাজারের বাস্তব চাহিদার সঙ্গে পরিচিত হয়ে নিজেদের দক্ষতা যাচাই ও প্রদর্শনের সুযোগ পাবেন।
এছাড়া কনফারেন্সে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব প্রদানের কৌশল এবং নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ইন্টারেক্টিভ কাউন্সেলিং সেশন-এ কর্পোরেট লিডার ও পেশাদারদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা মূল্যবান দিকনির্দেশনা পাবেন।
বিশেষ আকর্ষণ হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ আয়োজন করছে রঙের উৎসব “কালার কার্নিভাল”, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করবে।
ফিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজন তরুণদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। অংশগ্রহণে আগ্রহীরা ১০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম https://forms. gle/Kn77SQJ3vAxs.JSYAS পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।