জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সঠিক হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে রংপুর দিনাজপুর অঞ্চলের নেতৃবৃন্দের সাথে অঞ্চল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবদুল হালিম বলেন, এখনো নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বরং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার পরিবর্তে সম্প্রতি দলীয় নেতা নূরের ওপর হামলা হয়েছে। আমরা এই হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
পিআর পদ্ধতি প্রসঙ্গে নিয়ে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, নির্বাচনের জন্য জনমনে পিআর পদ্ধতির দাবি স্পষ্ট হয়েছে। আমরা মনে করি, এ পদ্ধতির মাধ্যমে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। কারণ সনাতন পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য ও নির্বাচনী সংঘাত-সংঘর্ষ হয়। এছাড়া ভোটাররা ভোটকেন্দ্রে আসতেও অনীহা প্রকাশ করে।
জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত স্বৈরাচার নানাভাবে উঁকিঝুঁকি দিয়ে আবার ফিরে আসতে চায়। বিশেষ করে তারা জাতীয় পার্টির কাঁধে ভর করে বাংলাদেশে পুরনো ফ্যাসিবাদের আবির্ভাব ঘটানোর লক্ষণ দেখা যাচ্ছে।
আবদুল হালিম বলেন, আওয়ামী লীগের ১৫ বছরের ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার পেছনে জাতীয় পার্টির ভূমিকা ছিল। এখন আওয়ামী লীগের বি-টিমে পরিণত হয়েছে জাতীয় পার্টি। এ অবস্থায় বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত না করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
অঞ্চল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য আব্দুর রশিদ, আজিজুর রহমান স্বপন ও আব্দুল হাকিম সহ অন্যান্যরা।এসময় বৈঠকে রংপুর অঞ্চলের আট জেলার জেলা আমির ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।