বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (১ সেপ্টেম্বর)। এ উপলক্ষে বিএনপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সন্ধ্যা ৭ টায় বিএনপির গুলশান পার্টি অফিসে এনসিপির মুখ্য সংগঠক জনাব সারজিস আলমের নেতৃত্বে প্রতিনিধি দল এ শুভেচ্ছা বিনিময় করবেন।
এর আগে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সারজিস আলম। তিনি লিখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্রকেকে মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।’
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে দলটি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।