রংপুরে রাস্তা পাড়াপাড়ের সময় ট্রাকের চাপায় এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেষা মৌজাস্থ পুরাতন পুলিশ বক্সের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।এ তথ্য নিশ্চিত করেছেন, কাউনিয়া থানার ওসি এসএম শরীফ।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে রাস্তা পাড়াপাড়ের সময় ওই বৃদ্ধাকে বেপরোয়া গতিতে রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াতেন এবং স্থানীয় লোকজন তার খাবারের ব্যবস্থা করতেন বলে জানান স্থানীয়রা।
কাউনিয়া থানার ওসি এসএম শরীফ বলেন, এ ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আতিয়ার রহমান বাদী হয়ে অজ্ঞাত ট্রাক চালকের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি দাফনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।