বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার (২৫ আগস্ট ২০২৫) রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আফজালুল হক ও সদস্য সচিব আবু তালেব খায়রুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটি(রংপুর অঞ্চল) এর যূগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার শাহ, রংপুর আইডিইবি সাধারণ সম্পাদক খশরু সরকার ও যূগ্ম সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম রাতুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উত্থাপিত ৭ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের (সার্ভেয়িংসহ সকল টেকনোলজি) জন্য সংরক্ষণ রাখা।
উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০% এ উন্নীত করা। যুগোপযোগী করতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন। পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিগুলোতে ১:১২ অনুপাতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ। প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন করে গবেষণা ও মানোন্নয়ন নিশ্চিতকরণ। মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইনগতভাবে নিষিদ্ধ করা।
আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে জনবল কাঠামো প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি।
সংগ্রাম পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, সরকারের গঠনমূলক উদ্যোগের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে।