শনিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকার নাফ নদীর মোহনা থেকে তাদের আটক করা হয় বলে স্থানীয় জেলে রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন— শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং অপর একজনের নাম এখনো জানা যায়নি।
চোখে দেখা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রহমত উল্লাহ জানান, শনিবার দুপুরে শাহপরীর দ্বীপের ১২ জন জেলে মাছ ধরে ফেরার সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে তাদের নৌকাসহ আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, মিয়ানমারের রাখাইন সীমান্তের নাইক্ষ্যংদিয়া এলাকায় আরাকান আর্মির একটি ঘাঁটি রয়েছে এবং সেখানেই আটক জেলেদের নেওয়া হয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা মিয়ানমারের সীমান্ত এলাকায় পড়েছে। সেখান থেকেই ১২ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”