রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ


প্রকাশ :

কুড়িগ্রামের রাজারহাটে এলজিইডি সড়ক পাকাকরণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুড়িগ্রাম এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

গত বুধবার বিকেলে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির পক্ষ থেকে যৌথ স্বাক্ষরিত একটি অভিযোগপত্র রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কাছে জমা দেওয়া হয়।

রাজারহাট উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কুড়ারপাড় থেকে রিয়াদ বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ বাস্তবায়ন করছে মেসার্স মিলন কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩১ লাখ ১০ হাজার ৮৩০ টাকা।

অভিযোগকারী ও রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ বলেন, “চলমান সড়ক পাকাকরণ কাজে এলজিইডির নির্ধারিত নির্দেশনা মানা হয়নি। নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, এজিং ও ডব্লিউবিএমের পুরুত্ব সঠিক হচ্ছে না। ফলে কাজের স্থায়িত্ব নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমরা চাই সরকার যে নির্দেশনায় বরাদ্দ দিয়েছে, সেটি জনস্বার্থে যথাযথভাবে বাস্তবায়ন করা হোক।”

লিখিত অভিযোগপত্রে যথাযথ তদন্তের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিয়ম মেনে কাজটি সম্পন্নের দাবি জানানো হয়েছে।

রাজারহাট উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রশিদ মন্ডল বলেন, “আমরা অভিযোগ পেয়েছি।”

কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনূস হোসেন বিশ্বাস বলেন, “আমি অভিযোগপত্র দেখেছি। উপজেলা প্রকৌশলীকে বলেছি—সব জায়গায় যেন কাজ সঠিকভাবে হয়। কোনো ধরনের উনিশ-বিশ সহ্য করা হবে না। প্রয়োজনে আমি আগামী সপ্তাহে নিজেই লোক পাঠাবো। যদি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”