লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী খুনিয়াগাছ ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। রবিবার( ১৭ আগষ্ট) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে ৫০০ পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সভাপতিত্ব করেন খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক হোসেন। এছাড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হোসেন প্রামাণিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দুলু বলেন, “তিস্তা একসময় এ অঞ্চলের মানুষের জীবিকা ও আশীর্বাদের উৎস ছিল। নদীতে মাছ পাওয়া যেত, মাঝিরা ভাটিয়ালি গান গাইত। অথচ এখন তিস্তা নদী মানুষের দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে একের পর এক বন্যায় মানুষ ভিটেমাটি হারাচ্ছে। আবার শুষ্ক মৌসুমে নদী পরিণত হয় ধু-ধু বালুচরে। এ বাস্তবতা মানুষকে দুই দিকেই ক্ষতিগ্রস্ত করছে।”
তিনি আরও বলেন, “তিস্তার ভাঙনে হাজারো মানুষ বাপ-দাদার ভিটে, বাড়িঘর, কবরস্থান, মসজিদ-মন্দির হারিয়েছে। এমনকি বহু জীবন নদীগর্ভে বিলীন হয়েছে। অথচ এতদিন এই নদীকে ঘিরে টেকসই কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। রাজনৈতিক কারণে দীর্ঘদিন আমাদেরও এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।”
বিএনপির নেতা দুলু দাবি করেন, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচির পর সরকার ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হলে বন্যা ও ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা অনেকটাই কমে আসবে। একইসাথে কৃষি, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।