রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে দুর্নীতি না করার শপথ নিলেন ৬৫০জন কৃতী শিক্ষার্থী


প্রকাশ :

‘লেখাপড়া শিখে মানুষ হব, বাবা-মাকে সম্মান করবো, দেশের জন্য কাজ করবো, কোনো দুর্নীতি করবো এবং কাউকে দুর্নীতি করতে দিব না-এমন শপথ নিয়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ১৩টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ৬৫০জন কৃতী শিক্ষার্থী। 

শনিবার (১৬আগষ্ট) দুপুরে বড়বিল ইউনিয়ন পরিষদ চত্বরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ওই শপথবাক্য পাঠ করান ওই ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সামছুল হুদা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব  মো. আখতারুজ্জামান সাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, কারমাইকেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমান। এতে সবাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সামছুল হুদা।

বড়বিল ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সামছুল হুদা’র ব্যক্তিগত অর্থায়নে ওই ইউনিয়নের ১৩টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ২০২৫ ব্যাচের ৩০০জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও টি-শাট প্রদান করা হয়। এছাড়াও ২০২৬ ব্যাচের ৩৫০জনকে স্কুল ব্যাগ ও টি-শার্ট প্রদান করা হয়। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ জাগাতে চেয়ারম্যান এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শিক্ষার্থীদের ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, ‘লেখাপড়া শিখে শুধু ভালো কর্মকর্তা কিংবা চিকিৎসক, ইঞ্জিনিয়ার হলে হবে না। আগে আমাদেরকে মানুষ হতে হবে। সেই শিক্ষাটা প্রথম গ্রহণ করতে হবে। কারণ যত বড়ই কর্মকর্তা হই না কেন, যদি আমাদের মধ্যে নীতি নৈতিকতার কোনো মূল্যবোধ না থাকে, বাবা-মাকে সম্মান দিতে না পারি তাহলে কোনো শিক্ষাই আমাদের কাজে লাগবে না।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত সচিব  মোঃ আখতারুজ্জামান সাজু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘লেখাপড়া করে তোমরা কী হতে চাও, সেই লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। মনে রাখতে হবে তোমাদের অনেকের বাবা-মায়ের ওত ধন সম্পদ নেই। টাকাও নেই। এই বলে মনোবল হারা যাবে না। শত অভাবের মাঝেও মনোবল শক্ত করে লেখাপড়া চালিয়ে যেতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই উল্লেখ করে অতিরিক্তি সচিব বলেন, ‘কিছু শিখতে হলে অবশ্যই ভালো মানের স্কুল কলেজে ভর্তি হতে হবে। প্রাইভেট না পড়লে ভালো ফলাফল করা যাবে না, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় অতিবাহিত করেছি, কখনো প্রাইভেট পরিনি। আজ আমি অতিরিক্ত সচিব হয়েছি। তোমরাও মনোবল না হারিয়ে চেষ্টা করবা, একদিন আমার অবস্থানেসহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর গুলোতে স্থান করে নিবা।’