বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) কর্তৃক গঠিত বিশেষজ্ঞ দল চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করেছে।
দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য আমদানির মূল প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় দ্রুত চিহ্নিতকরণ ও নিরাপদ হস্তান্তরের লক্ষ্যে কাস্টমস ল্যাব আধুনিকায়ন এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ প্রেক্ষিতে গত ১১ আগস্ট ২০২৫ চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন এবং ১২ আগস্ট চট্টগ্রাম কাস্টমস ও চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিএনএসিডব্লিউসি-এর সদস্য সচিব কমডোর মোহাম্মদ মহব্বত আলী (জি), এনজিপি, পিএসসি-এর নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা থেকে ১৩ সদস্যের একটি দল, চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনসহ ৬ জন কর্মকর্তা এবং মোট ২৮ জন প্রশিক্ষণার্থী (চট্টগ্রাম কাস্টমসের ২০ জন, চট্টগ্রাম বন্দরের ৫ জন ও নৌ সমরাস্ত্র পরিদর্শন সংস্থার ৩ জন) অংশ নেন।
কর্মশালায় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সনাক্তকরণ, সংশ্লিষ্ট সমস্যার সমাধান ও ভবিষ্যৎ ঝুঁকি প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণার্থীরা মত প্রকাশ করেন যে, এ কর্মশালা আমদানিকৃত রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য দ্রুত খালাস এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সম্ভব হবে।