লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় বন্যাকবলিত এলাকার মানুষদের স্বাস্থ্যসেবায় দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলে অধ্যয়নরত হাতীবান্ধার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন লাইট হাউজের উদ্যোগে ও রেটিনা ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প আয়োজিত হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হাতীবান্ধা উপজেলার ধুবনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কর্মসূচীতে প্রায় পাঁচশ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এ সময় রংপুর মেডিকেল কলেজের মা ও শিশু চিকিৎসা, মেডিসিন সেবা, সার্জারি ও দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন। সেইসাথে ছিলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ।
জানা যায়, এই মেডিকেল ক্যাম্পে ৫০ জন স্বাস্থ্যকর্মী অংশ নেন। এ ছাড়া স্থানীয় ৩০ জন স্বেচ্ছাসেবী এই কর্মসূচিতে সহযোগিতা করেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষ হয়।
এসময় সামাজিক সংগঠন দি লাইট হাউজের সভাপতি আশশাকুর রহমান ও সেক্রেটারি শাহিদ হাসান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, যারা আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে তারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই এলাকারই সন্তান। তারা এই জনসেবামূলক কাজের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা তাদের এলাকার মানুষদের ভুলে যায়নি, ভুলে যাবে না। এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা রইলো, তাদের জনসেবামূলক কাজ অব্যাহত থাকুক।
এ বিষয়ে সামাজিক সংগঠন লাইট হাইজের সভাপতি আশশাকুর রহমান বলেন, মানবসেবাকে মূল লক্ষ্য ধরে পথ চলা শুরু হয় আমাদের দি লাইট হাউজ ফাউন্ডেশনের। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় আমরা ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছি। আমাদের আয়োজনের মূল লক্ষ্য সাম্প্রতিক বন্যায় আক্রান্ত মানুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং এ অঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রত্যক্ষ অংশগ্রহণ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এ আয়োজনের ধারাবাহিকতায় এভাবেই আল্লাহ যেন আমাদের কে মানুষের পাশে থাকার সুযোগ করে দেয়।