রংপুরে বিভাগীয় পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে ‘দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা’শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ই আগস্ট) দুপুরে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
প্রধান অতিথির বক্তৃতায় দুদক চেয়ারম্যান বলেন, আমরা রাষ্ট্রের কর্মকর্তা; প্রত্যেক কর্মকর্তা যদি নিজের কাজ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সম্পাদন করেন, তবে তা শুধু দুর্নীতি প্রতিরোধেই নয়, সুশাসন প্রতিষ্ঠার পথও সুগম করে। তিনি অফিস অটোমেশন, টেন্ডারিং প্রক্রিয়ার আধুনিকায়ন ও নিজ নিজ দপ্তরের দুর্নীতি প্রতিরোধের উপর জোর প্রচেষ্টা চালাতে উপস্থিত কর্মকর্তাগণের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করন।
রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, পুলিশ সুপার মোঃ আবু সাইম প্রমুখ।