রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আইএসআইজিওপি প্রকল্পের বেজলাইন স্টাডি ফলাফলের ওপর আলোচনা সভা


প্রকাশ :

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), জার্মান হেল্পএইজ এবং জার্মান ইকোনমিক কো-অপারেশন-এর সহযোগিতায় Improve Income Security through Intergenerational Groups in Bangladesh (ISIGOP) প্রকল্পের বেজলাইন স্টাডি ফলাফলের ওপর এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ আগস্ট রাজধানীর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ। সভায় প্রকল্পের বেজলাইন স্টাডি উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক মাসুদ আলী।

প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক খাইরুল চৌধুরী। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন নাগরিক উদ্যোগের সমন্বয়ক জাকির হোসেন, ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুল হুদা, সমাজ গবেষক শরীফ শমশীর এবং হেল্পএইজ ইন্টারন্যাশনালের কান্ট্রি কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম।

সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ন্যাশনাল ডিরেক্টর তোফাজ্জল হোসেন মজনু।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির সদস্য গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, ইনসিডিন বাংলাদেশের অ্যাডভোকেসি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং প্রদীপ কুমারসহ আরও অনেকে।

আলোচনায় অংশ নেন নীতি-নির্ধারক, গবেষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, আন্তঃপ্রজন্মের প্রতিনিধি, হেলথ ক্লাবের নেতৃবৃন্দ এবং সামাজিক উন্নয়নকর্মীরা। অংশগ্রহণকারীরা প্রবীণ জনগোষ্ঠীর অধিকার, সামাজিক সুরক্ষা, আর্থিক নিরাপত্তা এবং তাদের জন্য টেকসই কর্মসংস্থান তৈরির প্রয়োজনীয়তা নিয়ে মতামত প্রদান করেন।

সভায় বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠী ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা দেশের সামাজিক কাঠামো ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। তাই তাদের জন্য আয়ের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক মর্যাদা এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। বক্তারা আরও বলেন, আন্তঃপ্রজন্মীয় সহযোগিতা এবং পারিবারিক ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করে তোলা প্রবীণদের জীবনমান উন্নত করার অন্যতম উপায়।

আলোচনা সভার সার্বিক সমন্বয় করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের কর্মকর্তারা। দিনব্যাপী এই সভা প্রবীণবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা নতুনভাবে উত্থাপন করে।