গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে এবং দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।
রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাটের মিশন মোড়ে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি সাংবাদিক এস আর শরিফুল ইসলাম রতনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব লালমনিরহাট, বাংলাদেশ প্রেসক্লাব সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক শোকাবহ ও আতঙ্কজনক ঘটনা। তারা দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সকল সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, মানুষের অধিকার রক্ষার জন্য ঝুঁকি নেন। অথচ পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হত্যার ঘটনা বেড়ে চলেছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তরা কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে। এ ঘটনায় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।