রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী আঞ্জুমান বানু হত্যামামলায় আসামী আরমান আলীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামী উপস্থিত ছিলেন। পরে পুলিশী পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী আব্দুল হাদি বেলাল।
মামলার বরাতদিয়ে তিনি জানান, ২০২০ সালের ১৯ মে নগরীর মুলাটোল এলাকার নিজবাসা থেকে আঞ্জুমান বানুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের জামাই এনায়েত হোসেন মোহন বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি হত্যামামলা দায়ের করেন। পুলিশ তদন্তকালে আসামী আরমানকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আরমান হত্যাকান্ডের কথা স্বীকার করেআদালতে ১৬৪ ধারায় জবান বন্দী দেয়। দীর্ঘ ৫ বছর মামলা চলার পর ১২ জন সাক্ষীর সাক্ষ্য-জেরা শেষে বৃহস্পতিবার আদালত আসামী আরমানের মৃত্যুদন্ডের রায় দেন।
মহানগর দায়রা জজ আদালতের সরকারী কৌশুলীআব্দুল হাদি বেলাল বলেন, আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।
তবে আসমী পক্ষের কৌশুলীকে দেখা না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।