গত ৪ আগস্ট সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান, আগারগাঁও, ঢাকা–এর কার্যক্রম পরিদর্শনে আসেন বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার।
পরিদর্শনকালে বাইগামের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মহাসচিবের কক্ষে বাইগ্রাম কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বাইগামের অতীত ও বর্তমান পরিস্থিতি, সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ড. জিয়াউদ্দিন হায়দার প্রবীণ হাসপাতাল ও প্রবীণ নিবাস পরিদর্শন করেন এবং সেখানকার কর্মরত চিকিৎসক, রোগী ও নিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ১৯৬০ সালে প্রবীণদের যথাযথ সম্মান, সেবা ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান গঠন করা হয়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ৬৫ বছর ধরে এই সেবামূলক প্রতিষ্ঠানটি সাফল্যের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।
পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাইগামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান, সহ-সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ ও ড. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন রেজা কামাল, সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাখখারুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানু, বাইগামের সরকারি পরিচালক আশরাফুল আলম মাসুম, সমাজকল্যাণ কর্মকর্তা আব্দুর রহমান সুমনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ড. জিয়াউদ্দিন হায়দার প্রবীণ হাসপাতাল ও নিবাসের উন্নয়ন এবং প্রবীণদের বার্ধক্যজনিত সমস্যাসমূহ মোকাবিলা ও কর্মসংস্থান সৃষ্টিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।