বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, তিনি রবিবার রাতে ক্লাবের একটি রুমে রাত্রিযাপনের জন্য অবস্থান নেন। পরদিন সকালে তাঁর কোনো সাড়া না পেয়ে সংশ্লিষ্টরা রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী এম হারুন অর রশিদ মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।
তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান।
সামাজিক সংগঠন রোটারিতে তিনি ছিলেন সক্রিয়। তিনি রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল-এর সভাপতি হিসেবে ২০১০-১১ সেশনে দায়িত্ব পালন করেন।
সাবেক সেনাপ্রধান রোটারিয়ান হারুন অর রশিদের মৃত্যুতে শোক
সাবেক সেনাপ্রধান ও রোটারিয়ান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রোটারি ক্লাব অব লালমনিরহাট-এর পাস্ট প্রেসিডেন্ট ও গেরিলা মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।