রংপুর সিটি কর্পোরেশনের নাম পরিবর্তন করে জিরো বাজেট সিটি কর্পোরেশন নাম দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (৩০ জুলাই) দুপুরে উত্তর অঞ্চলের প্রতি রাষ্ট্রীয় অগ্রাধিকার হীনতা ও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ প্রতিটি খাতে অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যাময় হিসেবে রূপান্তরের ‘২ দফা’ বাস্তবায়নের দাবিতে রংপুর সিটি কর্পোরেশন অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এ নাম করণ করা হয়। উত্তরবঙ্গ বৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মূখ্য সংগঠক নাহিদ হাসান খন্দকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ, শিক্ষার্থী রিনা মুরমু, তৌহিদুর রহমানসহ অন্যরা।
তারা বলেন, দেশে যখনই বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হয়,তখনই সবার আগে ঝাঁপিয়ে পড়ে উত্তরের মানুষ। শহীদ শংকু থেকে শুরু করে আবু সাঈদরা তাদের আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। সেখানে বরাবরের মত এই উত্তরাঞ্চলের রংপুর বিভাগ বঞ্চিত। যখন লাশ লাগে তখন রংপুরকে প্রয়োজন হয়। আর বাজেটের কথা আসলে আমাদের বুড়ো আঙ্গুগুল দেখানো হয়। ঢাকা-চট্টগ্রামসহ অন্য সিটি কর্পোরেশন গুলোকে বাজেট দেয়া হয় হাজার কোটি টাকা, আর রংপুর সিটি কর্পোরেশন একটি টাকাও বাজেট পায় না। এরকমটা কেন?
ক্ষোভের সাথে তারা আরও বলেন, রংপুরবাসীর লজ্জা পাওয়া উচিত। আমাদের সাথে এমন বৈষম্য করা হচ্ছে আর আমরা চুপচাপ ঘরে বসে আছি। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের কথায় কাজে মিল পেলাম না আমরা। তিনি বলেছিলেন রংপুর হবে দেশের এক নম্বর জেলা। কিন্তু বাস্তবে রংপুর দেশের সবচেয়ে অবহেলিত বিভাগ। এরপর তারা রংপুর সিটি কর্পোরেশনের মূল ফটকের সাইনবোর্ডে “জিরো বাজেট সিটি কর্পোরেশন” নামে একটি সাঁটিয়ে দেন।