রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবর রহমান (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবর রহমান রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা ও পেশায় একজন স্থানীয় ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মজিবর রহমান নিজের একটি গরু নিয়ে পার্শ্ববর্তী জমিতে ঘাস খাওয়াতে যান। জমিটিতে পানি জমে ছিল, আর সেই পানিতে পড়ে ছিল ছিঁড়ে যাওয়া একটি বিদ্যুতের তার। পানি বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি সেখানে পা দিতেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের পাশ দিয়ে যাওয়া পুরনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকলেও তা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। একাধিকবার অভিযোগ করেও তারা সাড়া পাননি বলে দাবি করেছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, “ঘটনার খবর পেয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”