সারা দেশের ন্যায় রংপুরেও জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬শে জুলাই) সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এই শপথ পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলাপ্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত শপথ পাঠ ও আলোচনাসভা দুইটি পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয়। সারা দেশে একযোগে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাইয়ের বীরযোদ্ধাদের কথা বললেই মনে পড়ে সাহসী কন্যাদের কথা, যারা অন্ধকার সময়ের আলো হয়ে উঠেছিল। তারা আমাদের স্বপ্ন দেখিয়েছে, সামনে এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছে। তারা সত্য ও ন্যায়ের পক্ষে সাধারণ মানুষের হয়ে লড়েছে। ২৪-এর গণঅভ্যুত্থান একটি মানবিক জাগরণের প্রতীক। একটি মর্যাদাসম্পন্ন, সহমর্মী ও মানবিক সমাজ গড়তে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই যাত্রায় তরুণরাই আমাদের প্রধান শক্তি। সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়েই আমরা গড়ে তুলতে চাই নতুন বাংলাদেশ। মানবিকতার এই জাগরণ হোক আমাদের পথচলার প্রেরণা।
শপথ পাঠ শেষে ২য় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় রংপুর জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, দেশের বিভিন্ন সংগ্রাম ও আত্মত্যাগে নারীদের ভূমিকা ছিল অপরিসীম। জুলাই গণঅভ্যুত্থানের শহিদেরা আমাদের অনুপ্রেরণা। তারা বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখেছেন। তাদের স্বপ্ন যেনো বৃথা না যায়, আমরা সে লক্ষ্যে কাজ করতে চাই। আমরা আজকে যে শপথ পাঠ করলাম এই শপথ অন্তরে ধারণের মাধ্যমে সকলকে সমানভাবে এগিয়ে নিতে হবে।
নারীদের সুরক্ষা প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ করে মেয়ে বাচ্চারা কোথায় যাচ্ছে? কি করছে? এসম্পর্কে অভিভাবকদের সবসময় দৃষ্টি রাখতে হবে। বাল্যবিবাহ, নারী নির্যাতন, দুর্নীতি, শিশু পাচারসহ সমাজের যেকোনো অনিয়ম প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, রংপুর মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মোছা: সেলোয়ারা বেগম, রংপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন, রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীবৃন্দ।
সভায় রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলাপ্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পরিমল কুমার সরকার, রংপুরের বৈষম্যবিরোধী আন্দোলনের যোদ্ধাগণ ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা শিশু পরিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।