কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছেলে বলু মিয়া (৫৫) এবং ফুলবাবু (৫০)। নিহত তিনজনই শাহাজাহান মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমি নিয়ে একাধিক মামলাও রয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
স্থানীয়দের মতে, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক মারধর ও হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও সংঘর্ষের পেছনের কারণ ও অন্যান্য জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।