লাশ গুম নিয়ে যে প্রচারণা চলছে তা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে কোনোভাবেই লাশ গুম করা সম্ভব নয়। এটা কোনো আন্দোলনে গুলি করে হত্যা নয়। শিক্ষার্থীরা ক্লাস করছিল, ডকুমেন্ট স্কুলেও আছে, তার মা-বাবার কাছেও রয়েছে।’
বুধবার (২৩ জুলাই) দুপুরে মাইলস্টোন ট্র্যাজেডিতে রাষ্ট্রের দায় নিরূপণ ও জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে আহুত কফিন মার্চের সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
হাদি বলেন, ‘সেনাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের কোন একটি গোষ্ঠী যেকোনো ঘটনার পরেই বলতে থাকে- পাহাড় থেকে সেনাঘাঁটি সরাও, সারা দেশ থেকে সেনাঘাঁটি সরাও। কিন্তু কেন? ভারত এসে দেশটাকে দখল করুক? ওদের মনোবাসনা হলো সেনারা পাহাড়ে থাকতে পারবে না, সমতলেও থাকতে পারবে না; থাকবে শুধু ওরা আর ভারত।’
তিনি বলেন, ‘এ দেশের সেনাবাহিনী যদি দুর্বল হলে তাহলে লাভ কার? এতে ক্ষতি কেবল বাংলাদেশেরই, লাভ প্রতিবেশী দেশ ভারতের। যারা এই সুরে কথা বলে, বাংলাদেশের মানুষ যেন তাদের চিনতে কখনো ভুল না করে।’
অধ্যাপক আনু মুহাম্মদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘খুনি হাসিনা যখন গুম করেছে, খুন করেছে, দিনের ভোট রাতে করেছে- এমন কোনো জঘন্য কাজ নেই যা তিনি করেননি। তখন তো তারা একদিনও বলেনি, এসব কাজ হাসিনা বা আওয়ামী লীগ করছে। তারা বলেছে, এগুলো রাষ্ট্র করছে। আর এখন তারা রাষ্ট্র শব্দটি ব্যবহার করছে না, এখন তারা বলছে- ড. ইউনূস করছে, ইন্টেরিম গভর্নমেন্ট করছে। আগে তারা রাষ্ট্র ভাঙ্গার কথা বলতো, এখন তারা বলছে ইন্টেরিম গভর্নমেন্ট ভেঙ্গে দাও।’
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যাদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের জন্যে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।’
তিনি ৩১ জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানিয়ে বলেন, ‘যেকোনো উপায়ে ৩১ জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। ঘোষণার অন্তত দুই দিন আগে সনদের খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাতে জনসাধারণ দেখতে পারে। যদি তা না করা হয়, তাহলে ৩ আগস্ট দুপুর ১২টায় শাহবাগ থেকে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে সর্বাত্মক কফিন মার্চ অনুষ্ঠিত হবে।’