রাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাকচাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্টের কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে সেন্টুকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মোটরসাইকেল চালক সেন্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য সেন্টুর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সেন্টু ইসলাম চকবাজারের ইসলামবাগ ঈদগাহ মাঠ এলাকার আলাউদ্দিন খালাসীর ছেলে। ওই এলাকায় তার একটি প্লাস্টিকের ব্যবসা আছে।
মোটরসাইকেলের পেছনে থাকা সেন্টুর বন্ধু আল-আমিন জানান, মঙ্গলবার রাতে তারা মোটরসাইকেলযোগে কাকরাইলে গিয়েছিলেন। ওই সময় সেন্টুই মোটরসাইকেল চালাচ্ছিল। পরে কাকরাইলে কাজ শেষে ইসলামবাগের বাসায় ফিরছিলেন।
পথে হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনের মোড়ে পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দু’জনে দুই দিকে ছিটকে পড়েন। ওই সময় ট্রাকটি সেন্টুকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।