রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে নদীতে লাফিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযানে ডুবুরি দল


প্রকাশ :

লালমনিরহাটে পুলিশের উপস্থিতি দেখে নদীতে লাফিয়ে পড়ে শান্ত রায় (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয়মাথা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে নদীতে শুরু হয় ডুবুরি দলের উদ্ধার অভিযান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) শান্তর কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শান্ত রায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডল গ্রামের বাসিন্দা। তিনি বিনোদ চন্দ্র বর্মণের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলবাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদক পাচারকারীরা গাঁজা নিয়ে লালমনিরহাটে প্রবেশের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে ধরলা নদীর ছয়মাথা ঘাটে অবস্থান নেয় লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

পরে ডিবি পুলিশ ওই ঘাটে পৌঁছা মাত্রই অমল চন্দ্র নামে এক মাদক কারবারিকে মোটরসাইকেলসহ আটক করে এবং তার কাছ থেকে চার কেজি গাঁজা জব্দ করে। এ সময় একই নৌকায় থাকা কিশোর শান্ত রায় পুলিশের উপস্থিতি দেখে ভয় পেয়ে প্রথমে নদীতে ঝাঁপ দেয় এবং কিছুদূর সাঁতরে গিয়ে একটি উঁচু স্থানে উঠে পড়ে।

পরে পুলিশ সদস্যরা তাকে ধরার জন্য আগাতে চাইলে শান্ত আবার নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

বিকেল থেকে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি চালানো হলেও সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ কিশোরের ভাই স্বপন রায় বলেন, “শান্ত মামার বাড়ি যাওয়ার পথে ভুল করে সেই নৌকায় উঠে পড়ে, যেটিতে গাঁজাসহ অমল চন্দ্র ছিল। অমল আমাদের প্রতিবেশী। পুলিশ তাকে ধরার পর শান্ত ভয় পেয়ে নদীতে লাফ দেয়। পরে সে উঠে আসার চেষ্টা করলে পুলিশ আবার ধাওয়া দেওয়ার ভয়ে দেখায়। তখনই সে নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়।”

এ বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে বিষয়টি বিস্তারিত জানানো হবে।”