লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক সাবেক ইউপি সদস্য ও তাঁর জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত ১১টা ১৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন মালগাড়া এলাকায় মো. রফিকুল ইসলাম ওরফে রফিকুল মেম্বারের (৫০) বাড়ির বারান্দায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেয় পুলিশ সদস্যরা।
অভিযানকালে বাড়ির বারান্দায় রাখা একটি হলুদ রঙের ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী সিটের নিচে খোদাই করে লুকানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মালগাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে ও সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম এবং তাঁর জামাতা মো. রুবেল মিয়া। ঘটনাস্থল থেকেই তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া দুই আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর–২৭)। অভিযানে মূল গাঁজার মালিক পলাতক রয়েছে, তার বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গোড়ল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবেই গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”