রংপুর নগরীতে তিনটি অবৈধ বন্দুকসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার এবং দুই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বন্দুকের মধ্যে রয়েছে বারো বোরের একটি দোনলা ও দুটি এক নলা বন্দুক। তিনটি বন্দুকেরই ভূয়া লাইসেন্স ও পনেরো রাউন্ড গুলি রয়েছে। শুক্রবার (১৮ জুলাই)সকালে পুলিশ অভিযান চালিয়ে নগরীর পৃথক তিনটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাছ থেকে এই বন্দুক উদ্ধার করে গ্রেফতার করা হয়েছে দুই জনকে।এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, রংপুরের বিভিন্ন ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে নিরাপত্তা টহল বাড়াতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জাহাজ কোম্পানী মোড়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেতপট্টিতে ডাচ্ বাংলা ব্যাংক ও ওয়ালটন মোড় এলাকায় থাকা যমুনা ব্যাংকে অভিযান পরিচালনা করা হয়।পৃথক এ অভিযানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিরাপত্তা রক্ষী শাহাদাত হোসেন (২৬) ও যমুনা ব্যাংকের নিরাপত্তারক্ষী জহুরুল হককে (২৭) আটক করা হয়। এ সময় ডাচ্ বাংলা ব্যাংকের নিরাপত্তারক্ষী মোশফেকুর রহমান অস্ত্র রেখে পালিয়ে যায়। তাদের কাছ থেকে ১৫ রাউন্ড গুলিসহ লাইসেন্সবিহীন অবৈধ তিনটি বন্দুক ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়।তিনজনই জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। তাদেরকে এলিট সিকিউরিটি ফোর্স এবং বিগ সিকিউরিটি এন্ড লজিসটিকস্ সার্ভিস লিমিটেড থেকে ব্যাংকগুলোতে নিরাপত্তা রক্ষায় নিয়োগ করা হয়।তিনজনের মধ্যে একজন পালিয়েছে।
তিনি আরো জানান, বন্দুক উদ্ধারের এ ঘটনায় অস্ত্র আইনে এস.আই মাহফুজুর রহমান বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।আসামি দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মোশফেকুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।