রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বরিশালে এনসিপির সমাবেশ, হুদা কমিশনের পরিণতি দেখে সতর্ক হওয়ার হুঁশিয়ারি


প্রকাশ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বরিশালে বলেছেন, সংস্কার, সংবিধান পরিবর্তন ও শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের হুদা কমিশনের (নূরুল হুদা) পরিণতি দেখে সতর্ক হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি দলের নেতাকর্মীদের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানানো হয়। 

গতকাল মঙ্গলবার নগর ভবনসংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন। এর আগে ভোলা থেকে ফিরে রাত ৮টা ১৭ মিনিটে নতুন বাজার থেকে পদযাত্রা শুরু করেন দলের কেন্দ্রীয় নেতারা। সহস্রাধিক মানুষের পদযাত্রা হাসপাতাল রোড ও সদর রোড হয়ে ৯টার পরে নগর ভবন এলাকায় পৌঁছায়।

পদযাত্রার নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতুসহ কেন্দ্রীয় নেতারা। পথসভা পরিচালনা করেন সারজিস আলম।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বরিশাল বাংলাদেশের আরেক স্রষ্টা শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মভূমি। জাতীয় নাগরিক কমিটির যোদ্ধারা শেরেবাংলার উত্তরসূরি। আমরা গণঅভ্যুত্থানের পরে বলেছিলাম– ফ্যাসিবাদ, চাঁদাবাজ বিলোপ করতে হবে। কিন্তু আমরা দেখছি, রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে আছে। গণঅভ্যুত্থানের শক্তি ছাত্র-জনতা এখনও জেগে আছে। দেশকে চাঁদাবাজ, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত করে ঘরে ফিরব।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন দলীয়করণ করা হয়েছে। এখনও নৌকা প্রতীক বহাল রেখেছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য ভালো নয়। আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে বরিশালবাসীকে যোগদানের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, বরিশালবাসীর উন্নয়ন, সারাদেশের মানুষের ঐক্যের ইশতেহার, জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ের সমাবেশ অনুষ্ঠিত হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা আগে ভোটচোর বললে একটা দলের গায়ে লাগত। এখন চাঁদাবাজ বললে আরেকটা দলের গায়ে লাগে। দেশের গণতন্ত্রের মানসকন্যা দেখেছে, এখন জনগণের মানসপুত্র দেখতে চায় না।

নির্বাচন কমিশনের উদ্দেশে হাসনাত বলেন, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনি কমিশন গঠন করেছেন। কোন ষড়যন্ত্রের জন্য সশরীরে না এসে নির্বাচনী হলফনামা জমা দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। হুদা কমিশনের পরিণতি ভুলে যাবেন না। এই কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ডা. মাহমুদা মিতু বলেন, নির্বাচন কমিশন এনসিপির নিবন্ধন নিয়ে টালবাহানা করছে। কমিশনকে জানিয়ে দিতে চাই, টালবাহানা করলে, পক্ষপাতিত্ব করলে জুতার মালা পরে ঘুরতে হয়; সেটি আপনারা দেখেছেন। 

পথসভায় আরও বক্তৃতা করেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসাদ বিন রণি, আরিফুল ইসলাম আদিব। এর আগে গতকাল দ্বীপজেলা ভোলায় এক সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা। 

আজ গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা জুলাই পদযাত্রার ১৬তম দিন আজ বুধবার গোপালগঞ্জে যাচ্ছেন এনসিপি নেতারা। এ নিয়ে আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত গোপালগঞ্জের রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে তর্ক। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য গোপালগঞ্জে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। 

জানা গেছে, আজ বেলা ১১টায় শহরের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপি সমাবেশ করবে। এ জন্য এরই মধ্যে জেলা এনসিপির আহ্বায়ক কমিটির নেতারা সব প্রস্তুতি নিয়েছেন।