রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বিমানের ফ্লাইটে বোমা আতঙ্কের পেছনে ‘পরকীয়ার নাটক’: র‍্যাব


প্রকাশ :

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার ভুয়া তথ্য দিয়ে সৃষ্টি করা হয় আতঙ্ক। ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর এক কাহিনি—এই বোমা আতঙ্কের পেছনে ছিল পরকীয়া প্রেম!

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক এম কে এম শহিদুর রহমান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—ইমরান, তার বন্ধু ইমনের স্ত্রী তাহমিনা এবং ইমনের মা রাশেদা বেগম।

র‍্যাব মহাপরিচালক জানান, গত শুক্রবার (১১ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা আছে বলে একটি অচেনা নম্বর থেকে হটলাইনে ফোন আসে। এতে বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতা জারি করে ফ্লাইটটি প্রায় তিন ঘণ্টা থামিয়ে রেখে তল্লাশি চালানো হয়। তবে কোনো বোমার সন্ধান মেলেনি।

তিনি বলেন, “এ ঘটনার ফলে জাতীয় এয়ারলাইন্সের নিরাপত্তা ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও নেতিবাচক প্রভাব ফেলেছে।”

তদন্তে র‍্যাব জানতে পারে, ইমন নামের এক ব্যক্তি তাঁর পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে নেপাল যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী তাহমিনা ও মা রাশেদা যাত্রা ঠেকাতে নানা চেষ্টা করেন। সফল না হয়ে তারা ইমনের বন্ধু ইমরানকে বিষয়টি জানান।

পরে ইমরানই তাদের উপদেশ দেন, বিমানে বোমা থাকার মিথ্যা তথ্য দিলে ফ্লাইট বাতিল বা স্থগিত হতে পারে। সেই পরিকল্পনা অনুযায়ী ইমনের মা রাশেদা বেগম নিজেই এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বোমা থাকার ভুয়া তথ্য দেন।

র‍্যাবের মহাপরিচালক আরও জানান, ঘটনার পরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থাও র‍্যাবকে সহায়তা করেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের কর্মকর্তারা।