রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

‘নামাজখানা আদর্শ সমাজ সেবা সংগঠন’ এর উদ্যোগে শতাধিক পরিবারে গাছ বিতরণ


প্রকাশ :

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা নামাজখানা এলাকায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন। ‘নামাজখানা আদর্শ সমাজ সেবা সংগঠন’-এর উদ্যোগে প্রায় ১০০টি পরিবারের মাঝে এবং কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে। এই আয়োজনে স্থানীয় জনগণের মাঝে দেখা গেছে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও পরিবেশবান্ধব মানসিকতার অনন্য প্রকাশ।

গত ১১ জুলাই, শুক্রবার বিকেল ৫টায় নামাজখানা এলাকার একটি খোলা প্রাঙ্গণে গাছ বিতরণ কার্যক্রমটি শুরু হয়। পরিবেশ রক্ষা, সামাজিক দায়িত্ববোধ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারকে সামনে রেখে আয়োজনটি সাজানো হয় অত্যন্ত আন্তরিকতা ও বর্ণিলভাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নুরনবি ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মাহা আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. কবিরুল ইসলাম, মো. শহিদুল ভেন্ডার, খাইরুল ইসলাম এবং মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরাও সক্রিয়ভাবে অংশ নেন।

উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ তাঁদের বক্তব্যে বলেন, “পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগানো এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন ও দায়িত্ব। আমাদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।” তাঁরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও আরও বড় পরিসরে কাজ করার অঙ্গীকারের কথাও জানান।

নামাজখানা আদর্শ সমাজ সেবা সংগঠন একটি অরাজনৈতিক, সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিয়োজিত। এই সংগঠনের পক্ষ থেকে এর আগে রক্তদান কর্মসূচি, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ, শিক্ষা সহায়তা এবং জনসচেতনতামূলক সভা-সেমিনার আয়োজন করা হয়েছে।

এইবারের গাছ বিতরণ কর্মসূচিতে নানা প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানে কমপক্ষে একটি করে গাছ দেওয়া হয়, সাথে দেওয়া হয় গাছের পরিচর্যা সংক্রান্ত দিকনির্দেশনাও।

আয়োজকেরা বলেন, “এই গাছ শুধু ছায়া বা ফলই দেবে না, ভবিষ্যতে এই গাছ আমাদের পরিবেশকে রক্ষা করবে, দূষণ কমাবে এবং প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়ক হবে। এজন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা।”

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, এমন উদ্যোগ এলাকার মানুষকে সচেতন করছে এবং গাছ লাগাতে উদ্বুদ্ধ করছে। অনেকে বলেন, “এমন ভালো উদ্যোগে আমরা পরিবারসহ আগ্রহ নিয়ে অংশ নিয়েছি। ভবিষ্যতেও এমন আয়োজন হলে অংশগ্রহণ করবো।”